ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২১টি শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত তাদের হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে এসব শিশুকে বিশেষ আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৪৩ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬৪ শিশু, আর বাকিদের সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হামের রোগীদের জন্য হাসপাতালের আটতলায় ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা দিচ্ছে।
অন্যদিকে, স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ভর্তি হওয়া শিশুদের নমুনা পরীক্ষা করে উল্লেখযোগ্য সংখ্যকের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ময়মনসিংহ জেলার বাসিন্দা। এছাড়া নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও লালমনিরহাট থেকেও কয়েকজন রোগী শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের বড় একটি অংশ ৯ মাসের নিচে বয়সী, যাদের এখনো টিকা নেওয়ার সময় হয়নি। পাশাপাশি কিছু শিশু এক বা দুই ডোজ টিকা নিয়েও আক্রান্ত হয়েছে।
জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ বলেন, টিকা সংকট এবং পূর্বে টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত বছর দীর্ঘ সময় ধরে হামের টিকা সরবরাহে ঘাটতি ছিল এবং স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে অনেক শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং টিকা সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানো হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।