পুলিশের নতুন পোশাক নিয়ে বিতর্ক, পুরনো ইউনিফর্মে ফেরার ইঙ্গিত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১১:৫৬
বাংলাদেশ পুলিশের নতুন পোশাক নিয়ে বাহিনীর ভেতরেই অসন্তোষ দেখা দিয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান বলেন, প্রস্তাবিত পোশাকটি পুলিশের সঙ্গে মানানসই নয় এবং এটি অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পোশাকের সঙ্গে প্রায় হুবহু মিলে যায়। এ কারণে তারা শুরু থেকেই এই পরিবর্তনের বিরোধিতা করে আসছেন।
এদিকে, পুলিশের পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান নোমান গ্রুপের সরবরাহ করা কাপড়ের মান নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ সদর দফতর কাপড় ল্যাব টেস্টে পাঠায়। পরীক্ষার প্রতিবেদনে দেখা গেছে, চুক্তি অনুযায়ী কাপড়ের আর্দ্রতা ও সুতার ঘনত্ব পাওয়া যায়নি।
পুলিশ সদর দফতর জানিয়েছে, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা আশ্বস্ত করেছে, পোশাক পরিবর্তন হলেও অতিরিক্ত বাজেট বরাদ্দের প্রয়োজন হবে না।
পুলিশের মিডিয়া এআইজি শাহাদাত হোসাইন বলেন, পোশাক পরিবর্তন করা হলে মূলত রঙে পরিবর্তন আনা হবে, তবে এতে বাজেটে কোনো প্রভাব পড়বে না।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই পুলিশ বাহিনী পুরনো কোনো ইউনিফর্মে ফিরে যেতে পারে। পুলিশ সদর দফতর জানিয়েছে, প্রায় ৯০ শতাংশ সদস্য পুরনো পোশাকে ফিরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন, যা সরকারের কাছে তুলে ধরা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।