ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালাচ্ছে—এমন অভিযোগ উঠেছে দেশটির বার্তা সংস্থা তাসনিমের বরাতে।
রোববার (৫ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে তাসনিম জানায়, গত ৩ এপ্রিল ইরানে ধ্বংস হওয়া একটি এফ-১৫ যুদ্ধবিমানে দুইজন পাইলট ছিলেন। এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করলেও তার পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। অন্য পাইলটকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
ইরানি একটি সামরিক সূত্রের দাবি, নিখোঁজ পাইলটকে উদ্ধারে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন সম্ভাব্য অবস্থানগুলোতে বোমা হামলা চালাচ্ছে, যাতে তাকে হত্যা করা যায়।
সূত্রটি আরও জানায়, সম্প্রতি কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করা হয়েছে। ধারণা করা হচ্ছিল, নিখোঁজ পাইলট ওই এলাকাগুলোর কোথাও অবস্থান করছেন।
এদিকে, যুক্তরাষ্ট্র তাদের ‘ফ্লাইট ক্রু’ হিসেবে উল্লেখ করা দ্বিতীয় ব্যক্তিকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে।
তবে নিখোঁজ পাইলট বর্তমানে ইরানি বাহিনীর হেফাজতে আছেন কিনা—এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি সংশ্লিষ্ট সূত্র।
সূত্রটির ভাষ্য, ভূপাতিত এই যুদ্ধবিমানের পাইলটদের ঘটনাটি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কেলেঙ্কারিতে রূপ নিতে পারে।
উল্লেখ্য, এ ঘটনায় এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।