ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সংলাপ ও সমঝোতার পথ খোলা থাকলেও তিনটি বড় কারণে কার্যকর আলোচনা এগোচ্ছে না। তার মতে, প্রতিশ্রুতি ভঙ্গ, অর্থনৈতিক ও সামরিক অবরোধ এবং ক্রমাগত হুমকি—এই তিনটি বিষয়ই আলোচনার প্রধান অন্তরায়।
বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন। পোস্টে পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় সংলাপকে স্বাগত জানায়, তবে বাস্তব পরিস্থিতি আলোচনার পরিবেশকে বাধাগ্রস্ত করছে।
যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, তাদের বক্তব্য ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে স্পষ্ট বৈপরীত্য রয়েছে, যা বিশ্ববাসীর কাছেও এখন দৃশ্যমান।
এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একই প্রসঙ্গে বলেন, নৌ-অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে চাপে রাখা এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন বন্ধ না হলে স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া কঠিন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এতে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
সূত্র: আলজাজিরা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।