মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

মার্কিন অবরোধ ফাঁকি দিয়ে হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌ-যান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৯:১০

ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ার একটি বিলাসবহুল নৌযান। এই সুপারইয়টটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এক মিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। এ তথ্য জানিয়েছে বিবিসি।

দেড় শতাধিক মিটার দীর্ঘ এই বিলাসবহুল নৌযানের নাম ‘নর্ড’। এটি রাশিয়ার নিষেধাজ্ঞার আওতায় থাকা ধনকুবের আলেক্সেই মর্দাশভের সঙ্গে যুক্ত বলে বিভিন্ন নথিতে উল্লেখ রয়েছে। নৌযানটি দুবাই থেকে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে যাত্রা করে।

সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালি দিয়ে বেসরকারি নৌযান চলাচল তুলনামূলকভাবে কমে গেছে। ওই পথে চলাচল করা অল্প কয়েকটি বেসরকারি নৌযানের একটি হিসেবে এটি ধরা হচ্ছে।

যদিও মর্দাশভকে আনুষ্ঠানিকভাবে এই বিলাসবহুল নৌযানের মালিক হিসেবে তালিকাভুক্ত করা হয়নি, তবে বিভিন্ন নথি অনুযায়ী ২০২২ সালে এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।

নৌপরিবহন সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণকারী একটি আন্তর্জাতিক ব্যবস্থার তথ্যে জানা যায়, কয়েকশ কোটি ডলারের মূল্যের এই নৌযানটি শুক্রবার রাতে দুবাই ত্যাগ করে এবং রোববার সকালে ওমানের রাজধানীর আল মুজ এলাকায় পৌঁছায়।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল বর্তমানে আগের তুলনায় অনেক কমে গেছে। বিশ্বের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ হওয়া সত্ত্বেও নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার কারণে এ রুটে চলাচল কমেছে।

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই চলতি সপ্তাহে রাশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছে ইরান, যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top