মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ২০:৪৪

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে নতুন করে জাতিকে বিভক্ত না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের স্বার্থে তিনি কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করতে চান না। তিনি উল্লেখ করেন, সংসদে আলোচনার পরিবেশে মাঝে মাঝে কিছু উত্তেজনা সৃষ্টি হওয়া স্বাভাবিক হলেও তা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।

ফজলুর রহমান সম্পর্কে তিনি বলেন, তিনি অত্যন্ত প্রবীণ ও ইতিহাসসমৃদ্ধ ব্যক্তি। তবে বর্তমান বাস্তবতায় ইতিহাসের অতিরিক্ত চর্চা কখনো কখনো বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

স্পিকারের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মুক্তিযুদ্ধের এক বটবৃক্ষ। পাশাপাশি ফজলুর রহমানও একজন মুক্তিযোদ্ধা। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও নিজেদের শহীদ পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেন যা সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল সংক্রান্ত বিল পাসের সময় বিরোধী দল বিরোধিতা করেনি বা ভোটদানে বিরত থেকেছে, যা এক ধরনের সম্মতির ইঙ্গিত বহন করে। এ অবস্থানে থেকেই ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top