মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৯:৪৬

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্টিন ডওসন। দলে আরও উপস্থিত ছিলেন নেইল গান্ধী ও বিশ্বজিত দেব।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা বাংলাদেশকে অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে সহযোগিতা অব্যাহত রাখায় যুক্তরাজ্য সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য নেইল গান্ধী বর্তমান আমলাতন্ত্রের অবস্থা, এর কার্যকারিতা, পূর্ববর্তী সরকারের সময় নিয়োগে কোনো অনিয়ম হয়েছে কি না এবং এসব চ্যালেঞ্জ নির্বাচিত সরকার কীভাবে মোকাবিলা করবে সে বিষয়ে জানতে চান।

জবাবে উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রশাসনে রাজনীতিকীকরণ ও দুর্নীতি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। এর ফলে প্রশাসন তার গৌরব ও কার্যকারিতার অনেকাংশই হারিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মেধাভিত্তিক শাসনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনে যোগ্যতা ও সততার ভিত্তিতে নিয়োগ, পদায়ন ও পদোন্নতি নিশ্চিত করছে এবং হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।

ব্রিটিশ প্রতিনিধি দল নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও পর্যবেক্ষণে কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টা জানান, আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া গেলে সরকার আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার সঙ্গে যুক্তরাজ্যের প্রশাসনিক ঐতিহ্য ও অভিজ্ঞতার দীর্ঘ সম্পর্ক রয়েছে। তাই দুই দেশ একসঙ্গে কাজ করে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top