মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার আছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ২০:১৯

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগ তোলেন।

জাতিসংঘে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের ওপর একতরফাভাবে দায় চাপানোর চেষ্টা চলছে, যেন দেশটি নিজ প্রতিবেশীদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার স্বার্থে নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করার অধিকার তাদের রয়েছে।

এ সময় রুশ রাষ্ট্রদূত পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করে বলেন, কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে হামলায় সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং জলদস্যুতার মতো আচরণ করছে।

বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলে প্রণালিটি কার্যত বন্ধ করে দেয় তেহরান। পরে ১৩ এপ্রিল থেকে সেখানে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্রও।

উভয় পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি শুরু হলেও পরবর্তীতে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।

যুদ্ধবিরতির পর ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। বর্তমানে সংকট সমাধানে দ্বিতীয় দফা আলোচনার চেষ্টা চলছে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top