মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

শ্রীলঙ্কার বিমানবন্দরে ভিক্ষুদের লাগেজে মিলল ১১০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ২১:০১

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির শুল্ক বিভাগ।

সোমবার প্রকাশিত এক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, আটক ভিক্ষুরা মূলত শিক্ষার্থী এবং তারা থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তল্লাশিতে তাদের লাগেজ থেকে মোট ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে প্রায় ৫ কেজি করে উচ্চমাত্রার মাদক লুকানো ছিল।

জানা গেছে, অজ্ঞাত এক দাতার সহায়তায় চার দিনের ব্যয় বহন করে ওই ভ্রমণের আয়োজন করা হয়েছিল। তবে এ সফরের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আরও এক ভিক্ষুকে পরে কলম্বোর উপশহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ভিক্ষুই অন্যদের কাছে দাবি করেছিলেন যে লাগেজে থাকা প্যাকেটগুলো দানের সামগ্রী এবং বিমানবন্দরে একটি যান এসে সেগুলো সংগ্রহ করবে।

শ্রীলঙ্কার মাদকদ্রব্য দমন সংস্থা আটক ভিক্ষুদের মোবাইল ফোন তল্লাশি করে বেশ কিছু ছবি ও ভিডিও উদ্ধার করেছে। সেখানে তাদের থাইল্যান্ডে সাধারণ পোশাকে অবকাশ যাপন করতে দেখা গেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, স্কুল সামগ্রী ও মিষ্টির ভেতরে বিশেষ কৌশলে লুকানো এই মাদক সম্পর্কে আটক ভিক্ষুরা হয়তো অবগত ছিলেন না।

শ্রীলঙ্কার বিমানবন্দর ব্যবহার করে ভিক্ষুদের মাধ্যমে এ ধরনের মাদক পাচারের ঘটনা এই প্রথম। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top