বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: ফজলুর রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ২১:১৫
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, বিরোধী দলের অনেক সদস্য তাকে ‘ফজা পাগলা’ বলে সম্বোধন করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বক্তব্যে ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ কখনো জামায়াতে ইসলামী করতে পারে না। তিনি বিরোধীদলীয় নেতা ও ওই দলের আমিরকে ইঙ্গিত করে এ কথা বলেন।
তার এই বক্তব্যের পরপরই সংসদে বিরোধীদলীয় সদস্যদের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে স্পিকার পরিস্থিতি শান্ত করেন।
হট্টগোলের মধ্যেই ফজলুর রহমান পুনরায় বলেন, কেউ যদি মুক্তিযোদ্ধা পরিবারের হয়েও জামায়াত করে, তবে তা দ্বিগুণ অপরাধ।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে খাটো করা হয়। এতে তিনি ব্যক্তিগতভাবে কষ্ট পান বলেও উল্লেখ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ও পরবর্তীতে জামায়াতের আমির নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
বক্তব্যে ফজলুর রহমান বলেন, এই বাংলায় যেমন ফুল ফোটে, তেমনি রক্তও ঝরে। দেশে যেমন কোকিলের ডাক শোনা যায়, তেমনি বনের রাজা বাঘও রয়েছে। যতদিন বাঘ থাকবে, ততদিন মুক্তিযোদ্ধারাই জয়ী হবে, রাজাকাররা কোনোদিন জয়ী হতে পারবে না এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
তিনি বলেন, তার বক্তব্যের পর বিরোধীরা নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করবেন, অথচ তারাই তাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে।
ফজলুর রহমান আরও বলেন, কেউ যদি নিজেকে মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য দাবি করে আবার জামায়াত করে, তাহলে তা গুরুতর অপরাধ।
৫ আগস্টের পরবর্তী পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, তখন দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছিল। গান, নাটক বা লালন সংগীতের অনুষ্ঠান পর্যন্ত করা যায়নি। কিছু গোষ্ঠী মুক্তিযুদ্ধের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছিল বলে অভিযোগ করেন তিনি।
নিজের জীবনের ঝুঁকির কথাও উল্লেখ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, একসময় তার বাড়ির সামনে তাকে হত্যার উদ্দেশ্যে জড়ো হয়েছিল একটি উচ্ছৃঙ্খল দল। তবে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এসে তাকে রক্ষা করে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নানা চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিরোধীরা নির্বাচনে নানা অপপ্রচার চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সবশেষে তিনি বলেন, ইতিহাস সাক্ষী যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা কোনোদিনই বিজয় অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।