রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

দুর্বৃত্তের হামলায় সাবেক কৃষক দলের নেতা নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৫

সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় হেলাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন।

নিহত হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠান। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কৃষক দল গাজীপুর জেলা শাখার সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানালেন, হেলাল উদ্দিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, নিহতের ভাতিজার সঙ্গে পূর্ব বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে। কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম প্রাথমিকভাবে পারিবারিক বিরোধকেই হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, মোবাইল চুরি সংক্রান্ত একটি তর্ক-বিতর্কের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top