শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ঈদযাত্রার শেষ দিনেও ঘরমুখো মানুষের ভিড়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১১:৪৭

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ সময়েও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে দেখা গেছে যাত্রীদের ব্যাপক ভিড়।

শুক্রবার ভোরের আলো ফুটতেই পরিবারসহ রাজধানীর সদরঘাটে ভিড় করতে শুরু করেন যাত্রীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লঞ্চ টার্মিনাল এলাকায় তৈরি হয় উপচেপড়া ভিড়। সকাল আটটার পর থেকেই দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো ছেড়ে যেতে শুরু করে। দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলার ৩৭টি রুটে লঞ্চ চলাচল করছে। যাত্রী পূর্ণ হলেই উপকূলীয় গন্তব্যে লঞ্চ ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে স্বস্তির বিষয় হলো, অন্যান্য সময়ের মতো অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তেমন পাওয়া যায়নি। নির্ধারিত ভাড়ায় যাত্রা করতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে, সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপস্থিতি দেখা গেলেও ছিল না তেমন ভোগান্তি। ঈদযাত্রার শেষ সময়ে এসে অনেক ট্রেনই ফাঁকা আসন নিয়েই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

রেলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত যাত্রা না হওয়ায় গতকাল থেকেই অনেক যাত্রী টিকিট সংগ্রহের সুযোগ পেয়েছেন। এমনকি আজও কাউন্টার ও অনলাইনে মিলছে কাঙ্ক্ষিত টিকিট। হঠাৎ টিকিট পেয়ে এবং নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময় মেনেই স্টেশন ছেড়ে যাচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top