সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ভোট দিতে ছুটছে মানুষ, ফাঁকা হচ্ছে ঢাকা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নির্বাচনে টানা ছুটি থাকায় অনেকে পরিবারসহ নিজ নিজ এলাকায় যাচ্ছেন। সাধারণ ভোটারদের গ্রামমুখী যাত্রায় ধীরে ধীরে ফাঁকা হয়ে উঠছে রাজধানী।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর এই নির্বাচনকে কেবল মতপ্রকাশের অধিকার নয়, বরং দেশ গড়ার বড় দায়িত্ব হিসেবে দেখছেন তরুণ ও নতুন ভোটাররা। এ কারণে ভোট দেওয়ার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না তারা।

রোববার রাত ও সোমবার সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, এলাকার উদ্দেশে যাত্রীর চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি।

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি নির্বাচনের পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সরকারি ছুটি থাকায় চাকরিজীবীরা পাচ্ছেন টানা কয়েক দিনের অবকাশ।

এই সুযোগে ভোট দেওয়ার পাশাপাশি নিজ এলাকায় গিয়ে কয়েকদিন ঘুরে আসার পরিকল্পনা করছেন অনেকেই।

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার লিথির সঙ্গে। তিনি বলেন,
“এবার আমি নতুন ভোটার। বিশ্ববিদ্যালয় থেকে লম্বা ছুটি পেয়েছি, তাই প্রথম ভোট দিতে ময়মনসিংহে যাচ্ছি। গণ-অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচনকে আমি দেশ গড়ার দায়িত্ব হিসেবে দেখি। তাই জেনে-বুঝেই ভোট দেব।”

নির্বাচনে ভোট দিতে রাজশাহীতে যাচ্ছিলেন শিক্ষার্থী তানজিম। তিনি বলেন,
“গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে ভোট নষ্ট করা যাবে না। আমার বন্ধুরাও সবাই বাড়ি যাচ্ছে। আমরা আশা করছি, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী একটি ভালো নির্বাচন উপহার দেবে।”

নাটোরে পরিবারসহ যাচ্ছিলেন নাসিফ। তিনি বলেন,
“গত নির্বাচনে ভোটার হয়েও ভোট দিতে পারিনি। এবার পরিবেশ ভালো মনে হচ্ছে। তাই ভোট দিতে বাড়ি যাচ্ছি।”

কলেজ শিক্ষার্থী তালহা আজিজ বলেন,
“এবার আমি প্রথম ভোট দেব। ভোট নিয়ে আমার অনেক আগ্রহ। পছন্দের প্রার্থীকে ভোট দেব।”

রোববার থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনগুলোয় যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। মহাখালী বাসটার্মিনালে দেখা গেছে, অন্য দিনের তুলনায় যাত্রীচাপ অনেক বেশি। পরিবারসহ গ্রামে ফিরছেন বহু মানুষ।

মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুল বলেন,
“এবার নির্বাচনে ছুটি অনেক লম্বা। শনিবার সন্ধ্যা থেকেই যাত্রীদের চাপ বেড়েছে। ছুটির আগের দিন রাতে এই সংখ্যা আরও বহুগুণ বাড়বে।”

নির্বাচনি প্রচারের শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। একই সঙ্গে নির্বাচন ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে ব্যাপক প্রস্তুতি।

স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত নির্বাচনের প্রত্যাশা নিয়ে বাড়ি ফিরছেন ভোটাররা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top