তেল নেওয়া নিয়ে বাগ্বিতণ্ডা, পাম্প কর্মচারীদের মারধরে যুবক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১০:১৪
ঝিনাইদহ শহরে একটি পেট্রলপাম্পে তেল নেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে পাম্পের কর্মচারীদের মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার মেসার্স তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত প্রায় আটটার দিকে আল মিরাজ নীরব নামে এক যুবক মোটরসাইকেলে তেল নিতে ওই পাম্পে যান। সে সময় পাম্পের কর্মচারীরা তাকে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। পরে নীরব পাশের আরেকটি পাম্প থেকে তেল নিয়ে ফেরার পথে দেখতে পান, তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া হচ্ছে। এ বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে কথা-কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, পাম্পের কয়েকজন কর্মচারী লাঠি দিয়ে নীরবকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল মিরাজ নীরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশেই একটি খাবারের দোকান পরিচালনা করতেন। পাশাপাশি তিনি ঝিনাইদহ সরকারি কে সি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাম্পের তিন কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক সুমন পাল বলেন, গুরুতর আহত অবস্থায় নীরবকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, তাজ ফিলিং স্টেশনের মালিক ঝিনাইদহের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ, যিনি সৃজনী হারুন নামে পরিচিত।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।