বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১২:৩২

ছবি: সংগৃহীত

রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতদিন গড় বিক্রয়ের তুলনায় ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হলেও এখন তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিপিসি।

বার্তায় বলা হয়, বৈশ্বিক সংকটপূর্ণ পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের গড় বিক্রয় থেকে ২৫ শতাংশ কমানোর পরিবর্তে এখন ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করা হবে।

বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট এড়াতে সরকারের নির্দেশে গত রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু করে পেট্রোল পাম্পগুলো।

এতে অনেক যানবাহনের চালক আগাম তেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করতে শুরু করেন। ফলে বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। তবে সরকার একাধিকবার জানিয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top