মিয়ানমার থেকে পালিয়ে আসা ৬ সদস্যের রোহিঙ্গা পরিবার উখিয়ার ক্যাম্পে আশ্রয়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৬:১০
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে আসা ছয় সদস্যের একটি রোহিঙ্গা পরিবার নিকট আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে দুই নারী ও তিন শিশু রয়েছে। পরিবারটি হলো: ফারুক আহমেদ (৪৫), সাতারা বেগম (৩৮), বিবি জান (১৮), মজিউর রহমান (১৪), আব্দুর রহমান (১৩) ও হাবিবুর রহমান (৯)।
রোহিঙ্গা ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (৯ মার্চ) রাত ১০:৩০ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের বি/১৯ ব্লকে নিকট আত্মীয় আছিয়া বিবি’র বসতঘরে তারা আশ্রয় নিয়েছে। এর আগে তারা টেকনাফের শাহপরীর দ্বীপের জলসীমা পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং এপারে আসার জন্য দালালদের মাধ্যমে ৭০ লাখ কিয়াট (বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ) ব্যয় করেছে।
ক্যাম্পের ইনচার্জ ও উপসচিব আজগর আলী ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন, “নিকট আত্মীয়ের বাসায় পরিবারটি অবস্থান করছে। বিধি অনুযায়ী এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার ফলে ২০২৪ সাল থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। ইউএনএইচসিআর জানাচ্ছে, ২০২৪ সালের শেষ দিকে নতুন আগতদের বড় একটি ঢল দেখা গেছে, এবং গত ২০ মাসে প্রায় দেড় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়ার কাজ চলছে।
এদিকে, রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘রোহিঙ্গা খবর’ জানিয়েছে, চলতি মার্চের প্রথম সপ্তাহ থেকে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির কারণে উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ভয় ও অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। বুথিডং ও মংডু টাউনশিপ থেকে গ্রেপ্তার, জোরপূর্বক নিয়োগ এবং তরুণীদের আটক করার খবর আসায় উদ্বেগ আরও বাড়ছে।
সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও বিজিবির মিডিয়া উইং-এর সূত্র জানিয়েছে, সীমান্তে কড়া নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।