আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদ্যাপন
চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১২:০৮
চাঁদপুর জেলার অর্ধশতাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হচ্ছে। সৌদি আরবসহ আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফকেন্দ্রিক এসব এলাকায় ঈদের নামাজ ও উৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। এছাড়া সকাল সাড়ে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর ও সুরঙ্গচাইলসহ বিভিন্ন গ্রামে ঈদ উদ্যাপন করা হচ্ছে। পাশাপাশি ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার কয়েকটি গ্রামেও একইভাবে ঈদের নামাজ আদায় ও উৎসব পালিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক রহমতুল্লাহি আলাইহি আগাম রোজা রাখা এবং আরব বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপনের প্রথা চালু করেন। সেই ধারাবাহিকতায় এখনো এসব এলাকার মুসল্লিরা সৌদি আরবের চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা ও ঈদ পালন করেন।
এদিকে, আফগানিস্তানে চাঁদ দেখা যাওয়ার খবরের ভিত্তিতেও অনেকেই আজ ঈদ উদ্যাপন করছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। এ ভিন্নধর্মী প্রথার কারণে চাঁদপুরের এসব এলাকায় দেশের অন্যান্য অঞ্চলের আগেই ঈদের আনন্দ শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা মির্জাখিল দরবার শরিফের অনুসারী হিসেবে প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।
সাদ্রা দরবার শরিফের পীর মোহাম্মদ আরিফ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে তারা রোজা ও ঈদ পালন করে আসছেন এবং বর্তমানে দেশের বিভিন্ন জেলায়ও এ প্রথা ছড়িয়ে পড়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।