সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

১৮৫ না ৩০ টাকা—বাকির জেরে লাখাইয়ে সংঘর্ষ, আহত ৩০

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৬:৪১

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় দোকানের বাকি টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জালাল মিয়ার দোকান থেকে রসম আলী বাকিতে মালামাল নেন। পরবর্তীতে দোকানদার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। জালাল মিয়ার দাবি, তার কাছে ১৮৫ টাকা পাওনা রয়েছে। অন্যদিকে রসম আলীর দাবি, তিনি মাত্র ৩০ টাকা দেনা আছেন।

এই বিরোধকে কেন্দ্র করে প্রথমে বাগ্‌বিতণ্ডা হলেও পরে তা দুই পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।

সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি জোরদার করা হয়েছে।

 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top