প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা, ভাইদের বিরুদ্ধে অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ২০:২৫
প্রেমের বিয়ে করাকে কেন্দ্র করে আপন ভাইদের বিরুদ্ধে অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ তুলেছেন খুলনার বাসিন্দা কানিজ ফাতেমা তুসি (২১)।
রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন তিনি। এ সময় তার স্বামী শেখ নাজমুল হুদা রাহাত উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে কানিজ ফাতেমা তুসি জানান, গত ১৮ জুন ২০২৫ তারিখে পারিবারিক সম্মতি ছাড়াই তিনি ভালোবেসে ইসলামী শরিয়ত অনুযায়ী শেখ নাজমুল হুদা রাহাতকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তার আপন ভাই শেখ মাহমুদ হাসান নোমান, শেখ মাসুম ও শেখ মামুনসহ আরও ১৫ থেকে ২০ জন ব্যক্তি তাদের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করে আসছে বলে অভিযোগ করেন তিনি।
তুসির অভিযোগ অনুযায়ী, তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারুইডাংগা এলাকায় তার নানা শ্বশুর সৈয়দ সাহাদাত আলীর বাড়িতে অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে উপস্থিত হয়। এ সময় তারা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়।
সংবাদ সম্মেলনে কানিজ ফাতেমা তুসি ও তার স্বামী নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তারা প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তারা বলেন, তারা দুজনই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের পছন্দে বিয়ে করেছেন। এরপরও তাদের ওপর ধারাবাহিকভাবে হুমকি ও ভয়ভীতি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী দম্পতি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।