বজ্রপাতে সারাদেশে অন্তত ১৪ জনের মৃত্যু
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ২১:১৯
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিনভর এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গাইবান্ধায় পাঁচজন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে দুজন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে একজন করে রয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এসব খবর জানা গেছে।
এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহের পর রোববার রাজধানীসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে বজ্রপাতের ঘটনাও ঘটে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাসের বাকি সময়েও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, ফলে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।
গাইবান্ধায় বিকেলে বজ্রপাতে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের তিনজন, ফুলছড়ি উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের একজন এবং সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামের একজন নিহত হন। নিহতরা হলেন ফুয়াদ চৌধুরী (১০), রাফি চৌধুরী (১৫), মিজান মিয়া (২০), মানিক মিয়া (২৫) ও নম্বার আলী (৬৫)। এ ঘটনায় শামীম মিয়া নামে একজন আহত হন এবং একটি গবাদিপশুও মারা যায়।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় লাবণী আক্তার (৩৫) ও ইলিয়াস আলী (৩৭) বজ্রপাতে নিহত হন। তারা বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় ঘটনাস্থলেই মারা যান।
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বজ্রপাতে হোসেন আলী সেখ (২৫) ও আবদুল হামিদ (৫০) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারাও বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন।
জামালপুরে পৃথক ঘটনায় মর্জিনা বেগম (২২) ও হাসমত আলী (৪৫) মারা গেছেন। এ সময় আরও চারজন আহত হন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় পাঁচটি গবাদিপশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সোহরাওয়ার্দী (২২) নামে এক চা-শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছেন। এতে আরও দুই শ্রমিক আহত হন।
নাটোরের সিংড়া উপজেলায় সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিক বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বগুড়ার গাবতলী উপজেলায় সুমন (৩৫) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। বৃষ্টির সময় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। পাশাপাশি বজ্রপাতের সময় সতর্ক থাকার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।