লাগামহীন বাড়ছে স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি হচ্ছে আজ?
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১০:১৫
দেশের বাজারে টানা বাড়ছে স্বর্ণের দাম। সবশেষ সমন্বয়ে আবারও মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (৪ মার্চ) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে হালনাগাদ দামে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। এতে বলা হয়, তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকায়।
এর আগে ২ মার্চও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে ৩৬ বার। এর মধ্যে ২৪ দফা বাড়ানো হয়েছে এবং ১২ দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়; যার মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
অন্যদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দর। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ১৭৩ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৩২ টাকায়।
চলতি বছরে রুপার দাম সমন্বয় হয়েছে ২১ দফা। এর মধ্যে ১৪ বার বাড়ানো এবং ৭ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার; যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।