শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

বড় ব্যবধানে কমেছে স্বর্ণ ও রুপার দাম, কত টাকায় বিক্রি হচ্ছে আজ?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ০৯:২৩

ছবি: সংগৃহীত

দেশের বাজারে বড় ব্যবধানে কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার মূল্যবান এই দুই ধাতু বিক্রি হচ্ছে সংশোধিত দামে।

গত বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে দেশের জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দেয়। এতে প্রতি ভরি স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা এবং রুপার দাম ৬৪১ টাকা কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল দশটা থেকে এই দাম কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দামে দেশের বাজারে প্রতি ভরি ২২ মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। এছাড়া ২১ মানের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ মানের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার সকালে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। সেদিন প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ মানের স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।

সেই সময় ২১ মানের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ মানের স্বর্ণ ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৭ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ দফা দাম বেড়েছে এবং ১৩ দফা কমেছে। আর গত বছরে স্বর্ণের দাম মোট ৯৩ দফা সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের সঙ্গে এবার কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ মানের রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়। এছাড়া ২১ মানের রুপা প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ মানের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২২ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ দফা দাম বেড়েছে এবং ৮ দফা কমেছে। গত বছরে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং মাত্র ৩ বার কমেছিল।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top