শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেলেন সেলিমা রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ০৯:৩৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান উন্নত চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সিঙ্গাপুরগামী একটি উড়োজাহাজে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন। দীর্ঘদিন জ্বর ও ফুসফুসে সংক্রমণে ভোগার পর বর্তমানে কিছুটা সুস্থবোধ করলেও চিকিৎসকদের পরামর্শে তিনি বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য আইনজীবী বিলকিস জাহান শিরীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে সেলিমা রহমানের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছিল।

তিনি বলেন, সেলিমা রহমান বর্তমানে অনেকটাই সুস্থ। তবে শারীরিক কিছু জটিলতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হওয়ায় বৃহস্পতিবার সকালে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

গত ১৯ ফেব্রুয়ারি রাত প্রায় দশটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেলিমা রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি উচ্চমাত্রার জ্বর, তীব্র শরীর ব্যথা এবং ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার পায়ের শিরায় রক্ত জমাট বাঁধার জটিল রোগ ডিপ ভেইন থ্রম্বোসিস শনাক্ত করেন।

শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালের করোনারি পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। পরে একটি বিশেষ চিকিৎসক বোর্ডের তত্ত্বাবধানে কয়েকদিন ধরে তার চিকিৎসা চলে। নিবিড় পর্যবেক্ষণে থাকার পর সংক্রমণ কমে এলে এবং রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ন্ত্রণে আসায় তাকে সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়।

দলীয় নেতাকর্মীরা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে দলের শীর্ষ পর্যায়ে উদ্বেগ ছিল। তবে যথাযথ চিকিৎসায় তিনি দ্রুত সংকট কাটিয়ে উঠতে সক্ষম হন।

সিঙ্গাপুরে পৌঁছানোর পর সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার বিস্তারিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মূলত ফুসফুসের সংক্রমণ পুরোপুরি সেরে উঠেছে কি না এবং ডিপ ভেইন থ্রম্বোসিস রোগের পরবর্তী ধাপের চিকিৎসা কী হবে—সে বিষয়ে সেখানকার চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top