মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

মার্চ পর্যন্ত পর্যাপ্ত মজুদ, দাম বাড়ানোর ভাবনা নেই সরকারের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৫:৪৭

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল বা বিদ্যুতের দাম আপাতত বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১০ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই সরকার কাজ করছে। কোনোভাবেই যাতে সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ে, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাই এই মুহূর্তে জ্বালানি বা বিদ্যুতের দাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, মার্চ মাস পর্যন্ত দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। আগামী এপ্রিল ও মে মাসেও যেন জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকে, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এসব মাসে জ্বালানির ঘাটতি হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। পরবর্তী সময়ে কোন দেশ থেকে জ্বালানি আমদানি করা হবে, সে বিষয়েও সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি যতদিন সরকারের নিয়ন্ত্রণে থাকবে ততদিন দাম বাড়ানো হবে না। তবে যদি কোনো সময় সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে, তখন দেশের মানুষ বাস্তব পরিস্থিতি বুঝতে পারবে।

পেট্রোল ও অকটেন নিয়ে প্রতিমন্ত্রী জানান, দেশে এ দুটি জ্বালানির কোনো সংকট নেই। কারণ এগুলোর বেশিরভাগই দেশে উৎপাদিত হয়। কেবল ডিজেল আমদানি করতে হয়। অতীতে যেখানে গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা ছিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবের কারণে তা বেড়ে ২৫ থেকে ৩০ হাজার টনে পৌঁছেছে। এ কারণে সরকারকে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করতে হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top