মৃত্যুর পর ফুলে ঢেকে বিদায়ের ইচ্ছা স্বস্তিকা মুখার্জির
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৭
পরনে ২৭ বছরের পুরোনো নীল রঙের রেশম শাড়ি, কপালে বড় লাল টিপ আর খোঁপায় রঙিন ফুল—বন্ধুর বিয়েতে এমন নস্টালজিক সাজেই ধরা দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তবে শুধু সাজ নয়, এই উপস্থিতির মধ্যেই প্রকাশ পেল অভিনেত্রীর এক গভীর ও আবেগঘন শেষ ইচ্ছার কথা।
স্বস্তিকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মৃত্যুর পর তাকে যেন ফুলে ঢেকে বিদায় জানানো হয়। তিনি বলেন, “বাড়ির সবাইকে বলে রেখেছি, আমি মরে গেলে আর কিছু হোক না হোক, ফুল দিয়ে যেন চাপা দিয়ে আমায় বিদায় করে। ওরা আমার নিত্যদিনের সঙ্গী।”
এদিন যে শাড়িটি তিনি পরেছিলেন, তার বয়স তার মেয়ের বয়সের চেয়েও বেশি। পার্ক স্ট্রিট থেকে মায়ের কেনা সেই শাড়ি গায়ে জড়িয়ে, মায়ের মতো করেই খোঁপা বাঁধার চেষ্টা করতে গিয়ে বারবার ফিরে গেছেন নিজের শৈশব আর মায়ের স্মৃতিতে। বোলপুরের রাস্তায় টোটো থামিয়ে দেয়াল থেকে ফুল পেড়ে চুলে গুঁজে নেওয়ার মুহূর্তেও ধরা পড়ে সেই আবেগ।
স্বস্তিকার জীবনদর্শনও উঠে আসে তার কথায়—“যত্ন করে রাখতে পারলে, আর যত্ন করে রাখতে দিলে, সব থাকে। শাড়ি হোক বা জীবন।”
নস্টালজিয়া, স্মৃতি আর জীবনের দর্শন—সব মিলিয়ে স্বস্তিকার এই উপস্থিতি যেন আরও একবার প্রমাণ করল, তিনি শুধু অভিনেত্রী নন, অনুভূতির এক গভীর শিল্পী।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।