মুক্তির আগেই রেকর্ড আয়, ‘টক্সিক’ নিয়ে তুঙ্গে উন্মাদনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৪২
দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ। আগামী মার্চে মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন সিনেমা ‘টক্সিক’ ইতোমধ্যেই আয়ের নতুন রেকর্ড গড়েছে। মুক্তির আগেই সিনেমাটির তেলুগু স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১২০ কোটি রুপিতে, যা এখন পর্যন্ত কোনো তেলুগু সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ বলে জানা গেছে।
আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিক’-এর। এর আগেই ছবিটির তেলুগু রাইটস কিনেছে প্রখ্যাত প্রযোজক দিল রাজুর প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে দিল রাজু বলেন, ‘কেজিএফ চ্যাপটার টু’-এর পর যশের জনপ্রিয়তা অভাবনীয়ভাবে বেড়েছে। গত চার বছর ধরে দর্শকরা তার পরবর্তী সিনেমার জন্য অপেক্ষায় রয়েছেন। ফলে ‘টক্সিক’ নিয়ে ভক্তদের আগ্রহ ও উত্তেজনা এখন তুঙ্গে।’
গত ৮ জানুয়ারি, যশের জন্মদিনে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। টিজার মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা ও উন্মাদনা দেখা যায়।
‘টক্সিক’ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা গীতু মোহনদাস। ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস। সিনেমাটিতে যশের সঙ্গে আরও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার।
সিনেমাটির আরেকটি বড় চমক হলো এর অ্যাকশন অংশ। হলিউডের জনপ্রিয় অ্যাকশন পরিচালক জে জে পেরি, যিনি ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির জন্য বিশেষভাবে পরিচিত, এই ছবির অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন। ফলে আন্তর্জাতিক মানের অ্যাকশন দেখার প্রত্যাশায় ভক্তদের উত্তেজনা আরও বেড়েছে।
সব মিলিয়ে, মুক্তির আগেই রেকর্ড আয় করা ‘টক্সিক’ যশের ক্যারিয়ারে নতুন মাইলফলক হয়ে উঠবে বলেই মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।