মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

কলকাতায় ‘প্রিন্স’–এর শুটিংয়ে ব্যস্ত শাকিব খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৫

সংগৃহীত

শ্রীলংকায় শুটিং শেষ করে এবার কলকাতায় চলছে বাংলাদেশের তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’র কাজ। বাইকে চেপে মধ্য কলকাতার বউবাজারে ঘুরতে দেখা গেছে ঢালিউডের এই জনপ্রিয় নায়ককে। লালচে আভাযুক্ত এলোমেলো চুল, ঘন দাড়ি-গোঁফ, খোলা জিনস জ্যাকেট আর ফুলছাপ শার্ট—দুপুরের রোদে তার উপস্থিতি মুহূর্তেই কৌতূহল জাগায় পথচারীদের মধ্যে।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতায় নিঃশব্দে শুটিং শুরু হয়েছে পরিচালক আবু হায়াত মাহমুদ-এর আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’র। হাওড়া, বউবাজার, আলিপুর জেল ও ভারতলক্ষ্মী স্টুডিওসহ একাধিক লোকেশনে চলছে দৃশ্যধারণ।

হাওড়ার পুরোনো শালিমার ওয়ার্কশপে ৯ ফেব্রুয়ারি থেকে টানা রাতভর শুটিং হয়েছে অ্যাকশন দৃশ্যের। সিনেমার মূল কাহিনি নব্বইয়ের দশকের ত্রাস ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রকে ঘিরে। একজন সাধারণ মানুষ কীভাবে কুখ্যাত গ্যাংস্টারে পরিণত হন, সেটিই তুলে ধরা হবে এ ছবিতে।

গত ১১ ফেব্রুয়ারি বউবাজারের ঐতিহাসিক মাধো ভবনে শুটিং করতে গিয়ে চমক তৈরি করেন শাকিব। ‘অ্যাকশন’ শব্দে ধোঁয়ার ভেতর থেকে বাইকে তার আবির্ভাব দেখে ভিড় জমে যায়। পরে নিরাপত্তার কারণে দ্রুত তাকে সরিয়ে নেওয়া হয় এবং ডামি শুটে অংশ নেন শরিফ সিরাজ।

ছবিতে আরও অভিনয় করছেন লোকনাথ দে, পিয়ান সরকার ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। লোকনাথ ‘গোপাল কর’ চরিত্রে এবং পিয়ান সরকার তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। তাসনিয়া ফারিণ ‘দিলরুবা’ চরিত্রে এবং জ্যোতির্ময়ী কুন্ডুও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।

সিনেমাটির চিত্রগ্রহণে আছেন বলিউডের চিত্রগ্রাহক অমিত রায় ও শৈলেশ অবস্থী। প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের শিরিন সুলতানা। অ্যাকশন ও রোম্যান্সে ভরপুর এ সিনেমাটি আসন্ন ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top