গ্ল্যামার ও মাতৃত্বের গল্পে মুগ্ধ করলেন আলিয়া ভাট
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৫
লন্ডনে অনুষ্ঠিত ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার ২০২৬-এর জমকালো আয়োজনে গ্ল্যামার ও ব্যক্তিগত জীবনের আবেগঘন কথায় সবার মন জয় করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রুপালি রঙের বিশেষ নকশার গাউন পরে লাল গালিচায় হাজির হয়ে তিনি জানান, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা এখন তার তিন বছর বয়সী মেয়ে রাহা।
এদিন আলিয়া পরেছিলেন ইতালির খ্যাতনামা ফ্যাশন সংস্থা গুচি–র তৈরি রুপালি রঙের বিশেষ পোশাক। ফ্যাশন সাময়িকী ভোগ–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশেষ এই সন্ধ্যার জন্য নিজেকে হলিউডের কিংবদন্তি তারকা মেরিলিন মনরো–র আদলে সাজাতে চেয়েছিলেন। সাদা ওড়নায় মোড়ানো তার সাজে ছিল রাজকীয় আভিজাত্য।
পর্দার বাইরের জীবন নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আলিয়া। তিনি বলেন, অভিনয়কে তিনি ভীষণ ভালোবাসেন, তবে এখন তার জীবনের আসল আনন্দ ও জাদুর উৎস তার মেয়ে। “আমার মেয়ে আমার গানে নাচ করে। তাকে বিস্ময়ে তাকিয়ে থাকতে দেখাটাই আমার কাছে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত,” বলেন তিনি।
অনুষ্ঠানে আলিয়া পুরস্কার উপস্থাপক হিসেবেও মঞ্চে ওঠেন। তার সঙ্গে ছিলেন বিশ্বখ্যাত তারকা সিলিয়ান মারফি, মোনিকা বেলুচ্চি ও রিজ আহমেদ।
সূত্র: এনডিটিভি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।