বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

স্মৃতি–পলাশের বিয়ে ভাঙার গুঞ্জন, পলাশের পাশে ডেইজি শাহ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১২

সংগৃহীত

ভারতীয় নারী ক্রিকেট দলের ব্যাটিং সেনসেশন স্মৃতি মান্ধানা ও সংগীতশিল্পী পলাশ মুচ্ছল-এর বিয়ে নিয়ে গত নভেম্বর থেকে আলোচনা-সমালোচনার শেষ নেই। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে বিয়ে বাতিল হয়ে যাওয়ার খবরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিচ্ছেদের কারণ নিয়ে পলাশের দিকে আঙুল উঠলেও এবার তাঁর সমর্থনে এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পলাশ ও স্মৃতির বিয়ের পিঁড়িতে বসা ছিল সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু হঠাৎ করেই সবকিছু থমকে যায়। নেটিজেনদের একাংশ পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি স্মৃতি মান্ধানা কিংবা পলাশ মুচ্ছল। ব্যক্তিগত এই টানাপোড়েন ছাপিয়ে পলাশ আবারও কাজে মনোনিবেশ করেছেন। তাঁর পরিচালিত নতুন একটি ছবিতে অভিনয় করছেন ডেইজি শাহ।

পলাশ মুচ্ছল ও তাঁর পরিবারের সঙ্গে প্রায় এক যুগের জানাশোনা ডেইজি শাহর। কাজ করতে গিয়ে পলাশকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। এক সাক্ষাৎকারে পলাশের চরিত্রের পক্ষে সাফাই গেয়ে ডেইজি বলেন, “পলাশ খুব ভালো ছেলে। ওর পরিবার অত্যন্ত ধার্মিক এবং তাদের চিন্তাভাবনা খুবই ইতিবাচক। আমাদের দীর্ঘ ১০-১২ বছরের পরিচয় এবং তাদের বাড়িতে আমার নিয়মিত যাতায়াত আছে।”

পলাশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ভিত্তিহীন বলেই মনে করেন ডেইজি। তবে স্মৃতি ও পলাশের সম্পর্কের অবনতি ঠিক কী কারণে হয়েছে, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও পলাশের পারিবারিক স্বচ্ছতার ওপর জোর দিয়েছেন তিনি।

উল্লেখ্য, স্মৃতি মান্ধানা বর্তমানে খেলার মাঠে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে পলাশকে ঘিরে চলমান বিতর্ক নিয়ে দু’জনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে পুরো বিষয়টি এখনও রহস্যেই ঢাকা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top