শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৪
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই তার সরকারের কাজ শুরু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইয়ে লিখিত মন্তব্যে নিজের অনুভূতি ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে লিখেছেন, ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণ সরাসরি ভোটে নির্বাচন করেছে এবং দেশের জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি আরও উল্লেখ করেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদরা এবং ২০২৪ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের সকলের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছেন। প্রধানমন্ত্রী বলেন, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। সেই লক্ষ্য বাস্তবায়নেই তার সরকার কাজ শুরু করেছে।
স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট মহড়া দেয় এবং পুরো এলাকা সিসিটিভি নজরদারিতে রাখা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।