বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শুরু হওয়ায় সেহরি ও ইফতারের সময় বিবেচনায় আজ বৃহস্পতিবার থেকে নতুন সময়সূচিতে চলছে সরকারি দপ্তরগুলো। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ সময়সূচি কার্যকর হয়েছে।

সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ও জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থ ও নিজস্ব আইন অনুযায়ী পৃথক সময়সূচি নির্ধারণ করতে পারবে বলে জানানো হয়েছে।

নতুন নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অফিস সময় থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এ সময় দেশের সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে এ বিরতির সময়ও লেনদেন অব্যাহত রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। একই সময়ে জোহরের নামাজের জন্য নির্ধারিত বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

অন্যদিকে রমজানে আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top