প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৪

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান|  ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁও কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সরকারি ছুটি থাকলেও প্রশাসনের গতিশীলতা আনার লক্ষ্যে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ অফিস করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। অনেককে নাম ধরে ডেকে কাছে টেনে নেন প্রধানমন্ত্রী। উপস্থিত অনেক কর্মচারীও আবেগাপ্লুত হন।

দাফতরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)-সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top