বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

মাহে রমজানে মির্জা ফখরুলের শুভেচ্ছা ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার আহ্বান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৮

সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি রমজানের শিক্ষা অনুসরণ করে সংযম, তাকওয়া ও নৈতিকতার মাধ্যমে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন-এর পাঠানো এক বাণীর মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়।

বাণীতে মির্জা ফখরুল বলেন, পবিত্র রমজান মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে এবং মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পায়। তিনি উল্লেখ করেন, পবিত্র কোরআনে রমজান মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানবজাতির জন্য হেদায়েত এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী।

তিনি আরও বলেন, রোজা মানুষকে পাপ থেকে বিরত থাকতে এবং তাকওয়া অর্জনে সহায়তা করে। এ মাস আত্মসংযম, ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়। ইবাদত ও বন্দেগির মাধ্যমে মানুষ আল্লাহর রহমত, বরকত ও ক্ষমা লাভের সুযোগ পায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলকে আহ্বান জানিয়ে বলেন, সংযমের মাধ্যমে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত থেকে সমাজে শান্তি, স্বস্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তিনি দেশের মানুষদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top