বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ঈদুল ফিতরে যানজট এড়াতে তিন দিন ট্রাক চলাচল বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৭:১৮

সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং যানজট এড়াতে ঈদের আগের তিন দিন সিমেন্ট, রড, পাথর ও বালুবাহী ট্রাক সড়কে চলাচল করতে পারবে না। এই নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (৪ মার্চ) রাজধানীর সেতু ভবনে ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় সেতু ও সংশ্লিষ্ট সড়কপথ ব্যবহারকারী যাত্রীদের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা প্রস্তুতির বিষয় আলোচনা করা হয়।

মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা যাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে সম্পন্ন হয়, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সড়কের পাশে নির্মাণসামগ্রী এলোমেলোভাবে না ফেলে সঠিকভাবে সংরক্ষণ করা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত জনবল মোতায়েন ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, ঈদে সেতুগুলোতে যানবাহনের চাপ বাড়তে পারে। এ কারণে সেতুর টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল সংগ্রহ (ইটিসি) ব্যবস্থা সচল রাখা হবে। গুরুত্বপূর্ণ সংযোগস্থল ও টোল প্লাজাগুলোতে সিসিটিভি ক্যামেরা চালু রাখা, দ্রুত টোল আদায়ের জন্য পর্যাপ্ত খুচরা টাকার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও সভায় দেওয়া হয়।

সভায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন যাতে সড়ক ও সেতুতে চলাচল না করে যানজট সৃষ্টি না করে, সে বিষয়েও কঠোর নজরদারির কথা বলা হয়। তবে খাদ্যপণ্য, ওষুধ, জ্বালানি এবং দ্রুত নষ্ট হওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের আগে ও পরে সিমেন্ট, রড, পাথর ও বালুবাহী ট্রাক সাত দিনের জন্য সীমিতভাবে চলাচল করবে এবং ঈদের আগের তিন দিন সম্পূর্ণ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। সভায় সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top