বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৫:৪৬

ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মঙ্গলবার রাতে মোজতাবাকে সর্বোচ্চ নেতা ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই এ হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কাৎজ বলেন, ইরানের নতুন নেতা যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনায় নেতৃত্ব দেন, যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি হয়ে ওঠেন এবং নিজ দেশের সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালান— তবে তার নাম যাই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, পূর্বসূরির মতো তিনিও স্পষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ‘রোয়ার অব লায়ন’ এবং যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হয়। যৌথ অভিযানের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আলী খামেনি ছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি-র উত্তরসূরি। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তিনি দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।

২৮ ফেব্রুয়ারি খামেনি নিহত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করে ইরান। পরে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

মোজতাবা খামেনি প্রয়াত আলী খামেনির দ্বিতীয় সন্তান। চলমান সংঘাতে গত পাঁচ দিনে আলী খামেনি, তার স্ত্রী, কন্যা, জামাতা ও নাতনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ইসরায়েল কাৎজ আরও বলেন, সামরিক অভিযান একসময় শেষ হবে, কিন্তু ইসরায়েল ও মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখার সংকল্প কখনও শেষ হবে না।

সূত্র: এএফপি

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top