সোমবার থেকে বন্ধ থাকবে সব কোচিং সেন্টার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৬:২২
আগামীকাল সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হওয়া পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের সব কার্যক্রম বন্ধ রাখতে হবে।
এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও একই সময়ের মধ্যে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোতে কেবল আবশ্যিক পরীক্ষাগুলো তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নেওয়া যাবে।
বিবৃতিতে বলা হয়, পবিত্র মাহে রমজানে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের জনভোগান্তি কমানো এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনাটি দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।