রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৬:৪৩
লন্ডনে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যাতে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে কার্যকর উদ্যোগ নেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় এক দশক ধরে বাংলাদেশে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, অথচ নতুন করে অনুপ্রবেশ এখনো চলছে। একই সঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা ধীরে ধীরে কমে যাচ্ছে।
রোববার (৮ মার্চ) লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউজে অনুষ্ঠিত বৈঠকে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে বিশ্বব্যাপী নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার অবক্ষয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নীতিমালার দুর্বলতা এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের জন্য দিকনির্দেশনা ও কর্মসূচি নির্ধারণ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ। তিনি কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিবেদনের প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে ১৩ কোটি ভোটারের অংশগ্রহণে নির্বাচনটি একটি উল্লেখযোগ্য অর্জন।
বৈঠকে তিনি জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এছাড়া বাংলাদেশের প্রতিনিধিদল বৈঠকের ফাঁকে যুক্তরাজ্য, কানাডা, দক্ষিণ আফ্রিকা, অ্যান্টিগুয়া ও বারবুডা, ঘানাসহ একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য সমর্থনও লাভ করেন।
পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেইয়ে কমনওয়েলথ ডে উদযাপন এবং সেন্ট জেমস প্যালেসে আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।