৩০ শিশুকে বাঁচাতে গোখরা সাপের সঙ্গে লড়াই করে প্রাণ দিল সাহসী কুকুর ‘কালী’
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ২০:১৭
ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় এক পথকুকুরের আত্মত্যাগের ঘটনা গভীরভাবে নাড়িয়ে দিয়েছে স্থানীয়দের। ‘কালী’ নামের ওই কুকুরটি ৩০ জনেরও বেশি শিশুদের প্রাণ বাঁচাতে বিষধর গোখরা সাপের সঙ্গে লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেছে।
শনিবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ময়ূরভঞ্জ জেলার ধীরাকুলা গ্রামে। গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি শিশু শিক্ষালয়ের সামনে ৩০ জনেরও বেশি শিশু অবস্থান করছিল। এ সময় হঠাৎ একটি বিষধর গোখরা সাপ স্কুল চত্বরে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এমন বিপজ্জনক মুহূর্তে কালী পরিস্থিতি বুঝে দ্রুত সাপটির ওপর ঝাঁপিয়ে পড়ে। শিশুদের সামনে দাঁড়িয়ে সে সাপটির সঙ্গে লড়াই শুরু করে। একপর্যায়ে কালী সাপটিকে মেরে ফেলতে সক্ষম হলেও লড়াইয়ের সময় বারবার সাপের কামড়ে গুরুতর আহত হয়।
গ্রামবাসীদের ভাষ্য, একাধিকবার দংশনের পরও কালী পিছু হটেনি। তার এই সাহসিকতার কারণেই সাপটি শিশুদের কাছে পৌঁছাতে পারেনি। তবে শেষ পর্যন্ত বিষক্রিয়ায় প্রাণ হারায় এই সাহসী কুকুরটি।
কালী’র এই আত্মত্যাগে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, একটি পথকুকুর হয়েও সে যেভাবে শিশুদের রক্ষা করেছে, তা সত্যিই বিরল ও হৃদয়স্পর্শী।
পরে গ্রামবাসীদের উদ্যোগে আবেগঘন পরিবেশে কালীকে শেষ বিদায় জানানো হয়। সাদা কাপড়ে মুড়িয়ে ফুল দিয়ে সাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে তার দাফন সম্পন্ন করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।