শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

দুই মাস পর আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ২০:৪৮

ছবি: সংগৃহীত

প্রায় দুই মাস বন্ধ থাকার পর পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) থেকে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক আগ্রাসনের পর ইরান নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

দুই সপ্তাহ আগে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও তা সফল হয়নি। বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে অবস্থান করছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার পাকিস্তানের রাজধানীর পথে রয়েছেন।

পরিস্থিতির উন্নতির ধারাবাহিকতায় এর আগে দেশটির বিভিন্ন বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়। সর্বশেষ আন্তর্জাতিক ফ্লাইট চালুর মাধ্যমে আকাশপথে যোগাযোগ আংশিকভাবে স্বাভাবিক হলো।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, তেহরান থেকে প্রথম দফার ফ্লাইটগুলো তুরস্কের ইস্তাম্বুল, ওমানের মাসকাট এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top