পদ্মা ব্যারেজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৪:০৩

সংগৃহীত

পদ্মা নদীর ওপর বহুল আলোচিত ব্যারেজ নির্মাণ প্রকল্প নিয়ে খুব শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেক সভায় উপস্থাপন করা হবে।

বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধাণমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নদী নিয়ন্ত্রণে পদ্মা ব্যারেজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় প্রকল্প। এটি বাস্তবায়িত হলে নদীভাঙন রোধ, সেচ সুবিধা বৃদ্ধি এবং সার্বিক জলসম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে। মন্ত্রী জানান, এই পরিকল্পনার আওতায় আগামী ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া হবে।

সরকার সারাদেশে খাল খনন কার্যক্রম জোরদার করার উদ্যোগও নিয়েছে। প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এর বাস্তবায়ন ইতোমধ্যে চলমান রয়েছে। এ উদ্যোগ দেশের জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া, তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন। এসব সফরে অন্যান্য উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সরকারের এসব সমন্বিত উদ্যোগ দেশের পানি ব্যবস্থাপনা আধুনিকায়ন, কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে বন্যা নিয়ন্ত্রণে কার্যকর অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top