সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

আসন্ন নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ:ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৮

সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেশ একটি নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করবে, যেখানে থাকবে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিভিত্তিক শাসনব্যবস্থা।

তিনি এসব মন্তব্য করেন সোমবার কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে। এর আগে সকালেও তিনি মহেশখালী উপজেলায় একটি পৃথক জনসভায় অংশগ্রহণ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “রাজার ছেলে রাজা হবে—এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। এই দেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক না কেন, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে হবে। আইন সবার জন্য সমান—এই নীতিই আমরা প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি কক্সবাজারকে সম্ভাবনাময় জেলা হিসেবে উল্লেখ করে বলেন, পর্যটন, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সুযোগ সঠিকভাবে কাজে লাগালে এটি দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। তবে এর জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “১২ ফেব্রুয়ারি আমরা নিজেরা হ্যাঁ ভোট দেব এবং জনগণকেও হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করব। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, এই নির্বাচন মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার সুযোগ। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নারীরা নিরাপদ থাকবে, তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না।”

সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াত সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলাম এবং কক্সবাজার-১, -৩ ও -৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা। এছাড়া এনসিপি, জাগপার ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সভায় বক্তব্য দেন।

সোমবার সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top