পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১০
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গিয়ে তিনি শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নীরবে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকালে একই স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। দুটি তদন্ত প্রতিবেদন তৈরি হলেও তা জনসমক্ষে আসেনি বলে উল্লেখ করেন তিনি। তার মতে, সম্পূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হলে ঘটনার প্রকৃত সত্য জাতির সামনে স্পষ্ট হবে।
তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তৎকালীন ক্ষমতাসীনদের সম্পৃক্ততা ছিল। প্রকৃত দোষীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করা হলে জাতি দায়মুক্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রতিহিংসা নয়, ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত আমির।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ২০২৪ সাল থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।