লালমনিরহাটে রাস্তা সংকটে অবরুদ্ধ ৩০ পরিবার, ত্রাণমন্ত্রীর হস্তক্ষেপের দাবি
লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৩:৪১
লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাটারি এলাকায় যাতায়াতের রাস্তা না থাকায় প্রায় ৩০টি পরিবার দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। সরু ও বন্ধ গলির কারণে সাধারণ চলাচল থেকে শুরু করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং জরুরি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিশেষ করে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি এলাকায় প্রবেশ করতে না পারায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (৫ এপ্রিল) রাত ৮টায় টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ হাবিবুর রহমান বাবু।
তিনি বলেন, এলাকায় কোনো বাড়িতে রোগী বা জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য পর্যাপ্ত রাস্তা নেই। সরু গলির কারণে ফায়ার সার্ভিস ঢুকতে পারছে না, এমনকি মরদেহ বহন করতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়াও কঠিন হয়ে পড়েছে।
দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত একটি প্রশস্ত রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি তারা এলাকার কৃতি সন্তান ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এছাড়া নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক এবং জেলা পরিষদের প্রশাসক মমিনুল হকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত নারী-পুরুষরা জানান, প্রায় এক যুগের এই দুর্ভোগ তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনকে স্থবির করে দিয়েছে। তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।