বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

নীলফামারীতে অনিয়মের অভিযোগ

দেড় কোটি টাকার সড়ক, ২৪ ঘণ্টাতেই উঠে যাচ্ছে কার্পেট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৮:৩৩

সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তিস্তা সেচ প্রকল্পের আওতায় সংস্কার করা একটি সড়কে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কের কার্পেটিং কাজ শেষ হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই হাত দিয়েই উঠে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, প্রায় ২ হাজার ২০০ মিটার সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারাভাবে কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ধুলোবালির ওপরই কার্পেটিং করা হয়েছে এবং আগের সড়কের যথাযথ সংস্কার না করেই দ্রুত কাজ শেষ করা হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া সড়কের দুই পাশে ইটের রেজিং না থাকায় বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। নালার পাশের বাসিন্দারাও ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন তারা।

প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের অধীন মেসার্স জামাল হোসেন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান জানান, কাজ সম্পন্ন হওয়ার পর ১২ মাস পর্যন্ত ত্রুটি সংশোধনের সুযোগ থাকে। এ সময়ের মধ্যে সমস্যা দেখা দিলে ঠিকাদারকে তা মেরামত করতে হয় এবং পরে সিকিউরিটি অর্থ ফেরত দেওয়া হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top