শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

বন্ধুত্বের অনন্য উদাহরণ: এক বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৬:৩২

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে বন্ধুত্বের এক অনন্য ও হৃদয়স্পর্শী দৃষ্টান্ত দেখা গেছে। অসুস্থ বন্ধুর পাশে দাঁড়াতে গিয়ে ৯ তরুণ একসঙ্গে মাথা ন্যাড়া করে ফেলেছেন, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি উপজেলার বাঙ্গরা বাজার থানার খৈয়াখালী বাজার এলাকায় ঘটে। শুক্রবার বিষয়টি ছড়িয়ে পড়ার পর থেকেই তা দ্রুত আলোচনায় আসে।

জানা যায়, দৌলতপুর গ্রামের সজীব নামের এক তরুণ মাথার ত্বকের জটিল সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে মাথা ন্যাড়া করতে হয়। তবে বন্ধুর এই কষ্টে তাকে একা থাকতে দেননি তার ঘনিষ্ঠরা।

বন্ধুর প্রতি সহমর্মিতা প্রকাশ করতে গিয়ে গত বুধবার বিকেলে স্থানীয় একটি সেলুনে একে একে নিজেদের মাথা ন্যাড়া করেন আরও ৯ বন্ধু। মুহূর্তেই সেখানে তৈরি হয় আবেগঘন ও ব্যতিক্রমী এক পরিবেশ।

এই ঘটনায় অংশ নেন কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।

তারা বলেন, সজীব যেন নিজেকে একা মনে না করে, সে বার্তাই দিতে তারা সবাই একসঙ্গে মাথা ন্যাড়া করেছেন।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া জানান, এমন বন্ধুত্ব এখন খুব কমই দেখা যায়। এটি সত্যিই অনুকরণীয় একটি ঘটনা।

এদিকে বন্ধুর এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে সজীব পরে এক ব্যতিক্রমী আয়োজন করেন। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারে তিনি বন্ধুদের জন্য সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে একটি খাসি, দ্বিতীয়জনকে একটি রাজহাঁস এবং তৃতীয়জনকে একটি দেশি মোরগ উপহার দেওয়া হয়। বাকি সবাইকে দেওয়া হয় হাতঘড়ি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top