প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে এসে গ্রামবাসীর হাতে আটক পুলিশ সদস্য
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৯:৪৫
নীলফামারীর ডোমারে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে আতিকুর রহমান নামে এক পুলিশ সদস্য গ্রামবাসীর হাতে আটক হয়েছেন। পরে রাত ১১টার দিকে মুচলেকা নিয়ে তাকে উদ্ধার করে থানা পুলিশ।
আটক আতিকুর রহমান নীলফামারী জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ হরিরামপুর এলাকার হোসেন আলীর ছেলে।
জানা যায়, ডোমার থানায় কর্মরত থাকাকালে ওই পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তিনি ওই নারীর শ্বশুর-শাশুড়িকে ধর্মীয় বাবা-মা হিসেবে সম্বোধন করতেন এবং নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করতেন। সেই সূত্রে প্রবাসীর স্ত্রীর সঙ্গেও তার যোগাযোগ বাড়ে। পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তাও হতো।
প্রায় চার মাস আগে পারিবারিক সমস্যার বিষয়ে পরামর্শ নিতে ওই নারী আতিকুর রহমানের সঙ্গে নীলফামারী আদালতে যান। বিষয়টি জানাজানি হলে তার শ্বশুরবাড়িতে উত্তেজনা সৃষ্টি হয় এবং এরপর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর দুই পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টা চলছিল। এ সময় হঠাৎ আতিকুর রহমান ওই নারীর বাড়িতে গিয়ে তাকে নিজের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং এক পর্যায়ে তাকে ঘরে আটকে রাখা হয়।
ভুক্তভোগী নারী বলেন, পারিবারিক সমস্যার কারণে তিনি আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং পরামর্শের জন্য আদালতেও গিয়েছিলেন। পরে শ্বশুরবাড়ির লোকজন সন্দেহ করলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। তিনি আরও বলেন, তার সংসার না টিকলে এর দায় আতিকুর রহমানকেই নিতে হবে।
অন্যদিকে, ওই নারীর শ্বশুর জানান, ধর্মীয় বাবা-মায়ের সম্পর্কের কারণে আতিকুর তাদের বাড়িতে যাতায়াত করতেন। পরে পারিবারিক ঘটনায় সন্দেহ তৈরি হলে বিষয়টি নিয়ে জটিলতা শুরু হয়।
আতিকুর রহমান দাবি করেন, পারিবারিক সম্পর্কের কারণে তিনি খোঁজ নিতে যেতেন এবং পরে পরিস্থিতি দেখে বিয়ের প্রস্তাব দেন।
ডোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয়রা পুলিশ সদস্যকে আটকে রাখে এবং পরে মুচলেকা নিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ লাইনসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আতিকুর গতকাল অনুপস্থিত ছিলেন। পরে বিষয়টি জানার পর ডোমার থানা পুলিশ তাকে গ্রাম থেকে উদ্ধার করে নিয়ে আসে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।