শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

শরীরে ক্ষতচিহ্ন, বাড়ির পাশে মিলল নিখোঁজ ২ বছরের শিশুর নিথর দেহ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৯

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাচাবান্ধা সাহাপাড়া এলাকায় দুই বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বাড়ির পাশের একটি ফাঁকা জায়গা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

নিহত শিশুটি ওই এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র কন্যা। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শিশুটি নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়। এরপর শুরু হয় ব্যাপক খোঁজাখুঁজি। এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সন্ধান চাওয়া হয়।

খোঁজাখুঁজির একপর্যায়ে একই দিন রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায় বাঁশের কঞ্চির ওপর শিশুটির নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে চিলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের দাবি, শিশুটির শরীরে বিশেষ করে চোখসহ বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় নিহত শিশুর বাবা আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জেরে তার সন্তানকে অপহরণ করে হত্যা করা হয়েছে। তিনি জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবার করা অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top