মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

বিমানবন্দর থেকে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫

সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্রে জানা গেছে, গোয়েন্দা বিভাগের নজরদারির ভিত্তিতে বিমানবন্দরে তাকে শনাক্ত করা হয়। ইমিগ্রেশন পুলিশ বিদেশযাত্রার প্রক্রিয়ার সময় তাকে থামিয়ে জিএমপিকে অবহিত করে। পরে জিএমপির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজি, জোরপূর্বক দখল এবং একাধিক হত্যাকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলাতেও তার নাম রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এসব মামলার প্রেক্ষিতে তিনি গোপনে দেশত্যাগের চেষ্টা করছিলেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, গেল আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় ব্যাপক প্রভাব খাটাতেন। তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের দমন-পীড়নের অভিযোগ রয়েছে বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে বিল্লাল হোসেন মোল্লা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেব আলী পাঠান গণমাধ্যমকে বলেন, বিল্লাল হোসেন মোল্লা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সংশ্লিষ্ট থানাগুলোকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top