বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

ভারত থেকে আসছে ২০০ রেল কোচ, বাড়বে আন্তনগর ট্রেন: সংসদে রেলপথমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৭:১৪

ছবি: সংগৃহীত

চলতি বছরের মধ্যেই ভারত থেকে ২০০টি ব্রডগেজ রেল কোচ দেশে আসছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াত-দলীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এসব ব্রডগেজ কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোচগুলো হাতে পাওয়ার পর নতুন ট্রেন চালুর জন্য রুট নির্ধারণে উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে।

সরকারদলীয় সংসদ সদস্য মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে মোট ৩ হাজার ৪২৮ দশমিক ৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রডগেজ ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়ালগেজ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার।

তিনি জানান, বিভিন্ন প্রকল্পের আওতায় ব্রডগেজ ও ডুয়ালগেজ রেললাইন স্থাপনের মাধ্যমে রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।

বিএনপি-দলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তনগর ট্রেন চলাচল করছে। ভারত থেকে নতুন কোচ আসা শুরু হলে উত্তরাঞ্চলের কিছু জেলায় আন্তনগর ট্রেনের সংখ্যা আরও বাড়ানো সম্ভব হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top