পহেলা বৈশাখের সকল অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৮:৩৫
বাংলা নববর্ষ ১৪৩৩ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায়, সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী-এর সভাপতিত্বে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঢাকার রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও **রবীন্দ্র সরোবর**সহ সকল অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। বিকেল ৫টার পর এসব এলাকায় নতুন করে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রা ঘিরে থাকবে বিশেষ নজরদারি। অংশগ্রহণকারীরা মুখোশ পরে শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না এবং মিছিল শুরু হওয়ার পর মাঝপথে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে ফানুস, আতশবাজি, গ্যাস বেলুন ও ভুভুজেলা বাঁশি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া রেসিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড, সিসিটিভি, ওয়াচ টাওয়ার এবং মোবাইল কোর্ট মোতায়েন থাকবে। ইভটিজিং, ছিনতাই ও পকেটমার রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।
এছাড়া বড় অনুষ্ঠানস্থলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে। রমনা লেকে দুর্ঘটনা এড়াতে ডুবুরি দলও নিয়োজিত থাকবে।
পহেলা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। ১৩ এপ্রিল সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকারবিহীন যানবাহন প্রবেশ করতে পারবে না।
সাধারণ জনগণকে ব্যাগ, দিয়াশলাই বা লাইটার বহন না করা এবং শিশুদের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।